Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিখোঁজের ৫ মাস পর ধানখেত থেকে মিলল তরুণের কঙ্কাল

admin • 27 Sep 2023, 09:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিখোঁজের ৫ মাস পর ধানখেত থেকে মিলল তরুণের কঙ্কাল

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পর ধানখেত থেকে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ওই তরুণকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

নিহত তরুণের নাম রাকিব হোসেন বাবু (২২)। তিনি শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। রাকিব মাংসের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন রাকিব। তারপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। খুঁজে না পেয়ে ১৯ এপ্রিল রাকিবের বাবা নুরুল ইসলাম পালং মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন। পরে ৩ মে স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি অপহরণ মামলা করেন তিনি। মামলায় স্থানীয় যুবক রবিউল ইসলাম, জুবায়ের মিয়া, জুয়েল সরদার ও মনিরুজ্জামান রিফাত নামের চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। তবে আসামি রবিউল, জুবায়ের জামিনে আছেন।

নিহত রাকিবের বাবা নুরুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, তার চার ছেলে দুই মেয়ে। ছোট ছেলে রাকিবকে সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের সঙ্গে জার্সি দেখে পরিবার রাকিবকে শনাক্ত করেছেন। তাঁর কঙ্কালটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।