জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার বাসিন্দা। তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে। লিয়াকত আলী গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমান কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মামা নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটায় রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন লিয়াকত আলী।
রোববার বিকেলে ইট তৈরির কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় পিষ্ট হন।
এতে গুরুতর আহত হলে ইটভাটার অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ভাতিজা সাংবাদিক খাদেমুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লিয়াকত আলীকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





