Wednesday, 25 November 2026
শিরোনাম
জাতীয়

মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি
ছবি সংগৃহিত

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি।

এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি-না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এসময় ওই নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।

অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসিকে বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন।

গত ১০ নভেম্বর দিনগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন। এসব অভিযোগের বিষয়ে তিনি প্রতিকার দাবি করেন।

অন্যদিকে অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।