ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে স্থানীয় একটি ‘ফকির কমিটি’। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়েছে। বাংলাটিভি লাইভ
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি আইন অমান্যকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এমন ব্যতিক্রমী ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখলেও, অনেকেই জরিমানা ও কারাদণ্ড দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।





