গাজীপুরে একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে এর আসবাবপত্র বের করে আগুন দিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালান। এ সময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র বের করে মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।





