প্রাপ্তবয়স্ক বয়সেও অণ্ডকোষ অপসারণের মাধ্যমে আয়ু বাড়তে পারে—এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে নতুন এক বৈজ্ঞানিক গবেষণায়। ইঁদুরের ওপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। গবেষণার এই ফল দীর্ঘায়ু নিয়ে বিজ্ঞানীদের প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তৈরি করেছে।
এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, দীর্ঘায়ুর ক্ষেত্রে অণ্ডকোষ অপসারণের প্রভাব পেতে হলে জীবনের একেবারে শুরুর দিকে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক বয়সেও এ ধরনের পরিবর্তনের সঙ্গে আয়ু বৃদ্ধির সম্পর্ক থাকতে পারে।
গবেষকদের আশা, অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে যেসব জৈবিক পরিবর্তন ঘটে, সেগুলোর কার্যপ্রণালি শনাক্ত করা সম্ভব হলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘায়ু বাড়ানোর চিকিৎসা উদ্ভাবন করা যেতে পারে।
সাধারণভাবে পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষের গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগের ঝুঁকিও পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি। দুর্ঘটনা, হত্যাকাণ্ড ও আত্মহত্যার মতো কারণ বাদ দিলেও এই ব্যবধান বজায় থাকে।
নারীদের তুলনামূলক দীর্ঘায়ুর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে পুরুষের অণ্ডকোষের হরমোন ও অন্যান্য জৈবিক কার্যক্রম এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
১৯৬৯ সালের একটি গবেষণায় একটি প্রতিষ্ঠানে বসবাসকারী এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করা হয়েছিল, যাদের অণ্ডকোষ অনিচ্ছাকৃতভাবে অপসারণ করা হয়েছিল। ওই গবেষণায় অস্ত্রোপচারের সঙ্গে এক দশকেরও বেশি আয়ু বৃদ্ধির সম্ভাব্য সম্পর্ক পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণেও অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্কের ইঙ্গিত মেলে।
তবে ইঁদুরের ক্ষেত্রে বিষয়টি পরীক্ষা করা বিজ্ঞানীদের জন্য সহজ ছিল না। কারণ বিভিন্ন প্রজাতি ও বংশধারার ইঁদুরের আয়ুতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এমনকি কোনো কোনো বংশধারায় পুরুষ ইঁদুরের আয়ু নারী ইঁদুরের চেয়েও বেশি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা বিশেষ একটি বংশধারার ইঁদুর নিয়ে পরীক্ষা চালান। ওই বংশধারায় নারী ইঁদুরের দীর্ঘায়ুর সুবিধা মানুষের মতোই স্পষ্ট ছিল। পরীক্ষায় বয়ঃসন্ধির আগে পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করা হলে তাদের আয়ু নারী ইঁদুরের কাছাকাছি পৌঁছে যায়।
এর ধারাবাহিকতায় নতুন গবেষণায় জেমস নেলসন, তাঁর স্নাতক শিক্ষার্থী লরেন্স মেইয়েন্স এবং অন্য গবেষকেরা জানতে চেয়েছেন, জীবনের কোন পর্যায় থেকে অণ্ডকোষ পুরুষের আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে।
এ প্রশ্নের উত্তর খুঁজতে একই বংশধারার পুরুষ ইঁদুরকে তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলের অণ্ডকোষ অপসারণ করা হয় বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলের বয়ঃসন্ধির পরপরই এবং তৃতীয় দলের ২৪০ দিন বয়সে। গবেষকদের হিসাবে, ২৪০ দিন বয়সী ইঁদুরের বয়স মানুষের প্রায় ৩০ বছরের সমতুল্য।
পরীক্ষায় দেখা যায়, তিনটি দলেই অস্ত্রোপচার করা ইঁদুর নিয়ন্ত্রণ দলের তুলনায় বেশি দিন বেঁচেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে।
গবেষণার ফল অনুযায়ী, বয়ঃসন্ধির আগে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু বেড়েছে ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ২৬ শতাংশ। আর ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
অপ্রত্যাশিত এই ফল গবেষকদেরও বিস্মিত করেছে। গবেষক লরেন্স মেইয়েন্সের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার ফল পাওয়ার পর বিষয়টি তাঁদের কাছে নতুন, অপ্রত্যাশিত ও অত্যন্ত আগ্রহের বলে স্পষ্ট হয়ে ওঠে।
গবেষক স্টিভ অস্টাড জানান, প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলো অস্ত্রোপচারের পরপরই দীর্ঘায়ুর সুবিধা পেতে শুরু করে। অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় পর্যন্ত ওই দলের কোনো ইঁদুর মারা যায়নি। অথচ ইঁদুরের বয়স বাড়ার সঙ্গে সাধারণত মৃত্যুহার বৃদ্ধি পায়।
গবেষকদের ধারণা, জীবনের প্রাথমিক পর্যায়ে অণ্ডকোষের কিছু উপকারী ভূমিকা থাকতে পারে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর কোনো কোনো জৈবিক প্রভাব শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। যদিও এ ধারণার পক্ষে নিশ্চিত প্রমাণ পেতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
অস্ত্রোপচারের পর ইঁদুরের আয়ু কেন বেড়েছে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো খুঁজে পাননি বিজ্ঞানীরা। পরীক্ষায় অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর সামগ্রিক শারীরিক সক্ষমতা বা স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতির প্রমাণও মেলেনি। বরং তিনটি দলের ইঁদুরের হাতের শক্তি কমেছে এবং বয়স বৃদ্ধির অন্যান্য লক্ষণও প্রায় একই গতিতে দেখা গেছে।
এখন গবেষকেরা ইঁদুরগুলোর মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে চান। পাশাপাশি অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো নির্দিষ্ট উপাদান বা হরমোন আয়ুর ওপর প্রভাব ফেলছে কি না, সেটিও খতিয়ে দেখবেন তাঁরা।
পুরুষের শরীরে উৎপন্ন টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি আসে অণ্ডকোষ থেকে। তবে এই গবেষণার ফলাফলের ভিত্তিতে টেস্টোস্টেরনই আয়ু কমানোর জন্য দায়ী—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একই সঙ্গে বহু ধরনের হরমোনগত ও জৈবিক পরিবর্তন ঘটে।
বিজ্ঞানীরা মনে করছেন, গবেষণার পরবর্তী ধাপগুলো সফল হলে ভবিষ্যতে এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা সম্ভব হতে পারে, যা অণ্ডকোষ অপসারণ ছাড়াই দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত জৈবিক প্রভাব সৃষ্টি করবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এ ধরনের চিকিৎসার সম্ভাবনা নিয়ে তাঁরা আশাবাদী।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, ইঁদুরের ওপর পাওয়া ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। এটি প্রাথমিক পর্যায়ের গবেষণা। মানুষের আয়ু বৃদ্ধিতে এমন কোনো পদ্ধতি কার্যকর হবে কি না, তা জানতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।
সূত্র: সায়েন্স





