অনলাইন জুয়ায় টাকা হেরে গিয়েছিল ১৬ বছর বয়সী এক কিশোর। সেই টাকা পরিশোধের জন্য পরিকল্পনা করে নিজের নানিকে হত্যা করে সে। চাঁদপুর শহরের একটি ভাড়া বাসায় একা থাকা ৬৫ বছর বয়সী লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার পর তার স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় ওই কিশোর। ঘটনার তিন দিন পর মামলা হওয়ার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার শহরের জোড়পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষ থেকে লুৎফুন্নাহারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী গত ১ নভেম্বর ভবনটির একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।
এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে বাদী হয়ে ২১ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতির সম্পৃক্ততা শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত নারীর তৃতীয় মেয়ের বড় ছেলে। অনলাইন জুয়ায় টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। ঘটনার দিন কৌশলে নানির বাসায় ঢুকে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর তার গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কিশোরের দেখানো মতে ভবনটির সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন।





