সাকিব হাসান, কুমারখালী (কুষ্টিয়া):
কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে সচেতনতা সৃষ্টি ও জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ভালুকা চৌরঙ্গী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও মাদ্রাসার শিক্ষার্থী রকি আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার এস এ এম আব্দুস সামাদ। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে লোটাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।





