সিরাজগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতা পাবনা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ রয়েছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনায় তিনি সিরাজগঞ্জে অবস্থান করছিলেন বলে গোপন সংবাদ পায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও গ্রেপ্তার মেহেদী হাসান সাগরের বিরুদ্ধে ফরিদপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।





