কুষ্টিয়ায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করছে সম্মিলিত সামাজিক জোট। এরই অংশ হিসেবে ক্যাম্পেইনের তৃতীয় দিনে শহরের থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের হরিপুর ব্রিজের নিচের এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচি পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো. আব্দুল লতিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান এবং পৌর প্রশাসক মো. মিজানুর রহমান। ঢাকা থেকে ডেঙ্গুর হটস্পট পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তাঁরা সম্মিলিত সামাজিক জোটের এ সচেতনতামূলক কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ সময় তাঁরা জোটের উদ্যোগের প্রশংসা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।
‘সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনটি অতি শিগগিরই উপজেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে, সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায় এবং সহ-সমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে গত ২৯ অক্টোবর গড়াই নদীর বাঁধসংলগ্ন ডেঙ্গুর হটস্পট এলাকায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং এবং উপজেলা পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের জুনিয়র সংগঠক ও বাংলাদেশ মানবকল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. সানজিদ আহমেদ সিয়াম। এ ছাড়া জোটের কার্যনির্বাহী সদস্য মো. শ্যামল হোসেন, মো. সিমান্ত হোসেন, মো. হাসিবুল হোসেন, মো. জুলকার নাঈন মারুফ ও মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তালহা জুবায়ের সাঈম, সাধারণ সম্পাদক মো. মাহফুজ উল আলম, সহ-কোষাধ্যক্ষ মো. তাহমিদ বিন সাজীম, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল্লাহ সাকিন, মো. রিদুয়ান আহাম্মেদ, মো. রিজভী আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





