ফেনীতে চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে গাড়িতে লুকানো কয়েকটি কার্টনের ভেতর ২৫ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেন স্থানীয়রা।
শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে ফেনী শহরের রেলগেট সংলগ্ন আবু বক্কর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ মাদকদ্রব্য মদ ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজির রোড রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশাটিতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার একপর্যায়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি জব্দ করেন।
এ সময় গাড়ির ভেতর পেছনের মালামাল রাখার স্থান এবং ইঞ্জিনের ওপর বিশেষ কায়দায় লুকানো কয়েকটি কার্টনের ভেতর ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এরই মধ্যে সিএনজিচালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ করে আগুন লেগে যায়। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে আগুন নেভাতে গিয়ে দেখি সেখানে থাকা কয়েকটি কার্টনের ভেতর ভারতীয় অবৈধ মদের বোতল রয়েছে। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মদ ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে যায়।





