মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এই ফির বেশি অর্থ আদায় করা যাবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এ ছাড়া কোনো এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দাবি করলে অথবা স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে হয়রানি বা অন্য কোনো সমস্যার মুখে পড়লে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে।
মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এ সময় কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




