সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে কুষ্টিয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা নামতেই শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসতে থাকেন।
আয়োজকদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাত ৯টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সন্ধ্যার পর সমাবেশস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। একপর্যায়ে স্টেডিয়ামের ভেতরে তিল ধারণের ঠাঁই থাকে না। সমাবেশকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ করা যায়।
আয়োজক সূত্রে জানা গেছে, সাত দফা দাবি আদায়ের উদ্দেশ্যেই ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে। সমাপনী সমাবেশে নেতারা এসব দাবির যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন।
লংমার্চের সমাপনী সমাবেশকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।





