Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তিন বছর পর আশরাফুল হত্যার রহস্য উন্মোচন, আসামির জবানবন্দি

admin • 14 Aug 2026, 06:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তিন বছর পর আশরাফুল হত্যার রহস্য উন্মোচন, আসামির জবানবন্দি

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন বছর আগে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র মো. আশরাফুল ইসলামকে ডেকে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এই অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

গত বুধবার (১২ আগস্ট) দুপুরে শাহজাদপুরের জামিরতা বাজার এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতে তোলা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে সিআইডি।

 

শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ২০২৩ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আশরাফুল। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে আশরাফুলের মা মোছা. নাছিমা খাতুন তিনজনকে আসামি করে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত তা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

 

সিআইডির সিরাজগঞ্জের বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় প্রধান আসামি রফিকুলের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর সিরাজগঞ্জ সিআইডির উপপরিদর্শক (এসআই) আজমল হোসেনের আবেদনে পিটিশন মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রফিকুল স্বীকার করেছেন, ভিকটিম আশরাফুলের সঙ্গে তার ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক ছিল। পরবর্তীতে আশরাফুল অন্য কারও সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে—এমন ক্ষোভ ও অপমানবোধ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন কৌশল করে ঘুমের ওষুধ খাইয়ে আশরাফুলকে যমুনা নদীর পানিতে ফেলে দেন রফিকুল।

 

সিআইডি আরও জানায়, রফিকুলের বিরুদ্ধে এর আগেও গুরুতর অপরাধের ইতিহাস রয়েছে। ২০১৫ সালে অনৈতিক সম্পর্কের জেরে এক তরুণের পুরুষাঙ্গ কেটে দেয়ার অপরাধে রফিকুল ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

 

রহস্য উন্মোচিত হলেও এখনও নিখোঁজ আশরাফুলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নদী তীরবর্তী থানাগুলোয় যোগাযোগ রক্ষা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।