Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৪২ হাজার ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ৫

admin • 21 Sep 2023, 03:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৪২ হাজার ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ৫

ব্যথানাশক পেথেডিনের বিকল্প হিসাবে আনা ট্যাপেন্টাডলের সব থেকে বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছে ৪২ হাজার ২ শ পিস টেবলেট। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূল হোতা সোলায়মানসহ ৫ জনকে। গতকাল বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপরাধীদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও ডিএনসির মেট্রো. কার্যালয়ে (উত্তর) এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সোলাইমান (৪৪), মো. হৃদয় ইসলাম রাজু (২৯), এ, কে, এম আবু সাইদ (৪৭), আশীক সাইফ (৩৬) ও মো. ফারুক (৩৫)।

ডিএনসির অতিরিক্ত পরিচালক আরও জানান, চক্রটি পাশ্ববর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল ও ট্যাপেন্টাডলের বড় চালান এনে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছিলেন। চক্রটির মূলহোতা সোলাইমান। তিনি মাসে ৪-৫ বার ভারতের কলকাতা থেকে এই মাদক দেশে প্রবেশ করতেন। প্রতিবারে বিভিন্ন পণ্যের আড়ালে ট্যাপেন্টাডলসহ অন্যান্য অবৈধ মাদক দেশে নিয়ে আসত। এ কাজে একাধিক লোক তাকে সহযোগিতা করতেন।

তিনি আরও বলেন, গত ২৩ আগস্ট এ চক্রের একজন সদস্যকে ফেনসিডিলসহ বিমানবন্দরে গ্রেপ্তার করলে এই ব্যবসার কৌশল সম্পর্কে জানতে পারে ডিএনসি। চক্রটি কলকাতা গমনের ক্ষেত্রে যশোর বেনাপোল স্থলবন্দর ব্যবহার করলেও দেশে প্রবেশের ক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে রুট হিসেবে ব্যবহার করতো।

বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেলে আমরা অবস্থান নেই। আসামীগণ গ্রীন চ্যানেল পার হলে কলকাতা হতে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইট নং-২০৪ এ আগত ৫ জন যাত্রীর কাছে হতে ৪২ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। যা এযাবৎ কালের ট্যাপেন্টাডল এর সর্ববৃহৎ চালান, যোগ করেন মজিবুর রহমান পাটওয়ারী।

মাদক হিসেবে তালিকাভুক্ত প্রায় ৪৩ হাজার ট্যাবলেট দেশের বাজারে বিভিন্ন শ্রেণির মাদকসেবীদের কাছে বিক্রি করতো এই চক্রটি। এর আগেও চক্রটিকে মাদক চোরাচালানের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন পর্যন্ত কি পরিমান মাদক দেশে এনেছে এই চক্র সে বিষয়ে অবশ্য সঠিক কোনো তথ্য এখনো জানতে পারেনি সংস্থাটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।