মোংলার সুন্দরবনের খালে নিষিদ্ধ জাল ও কিটনাশক দিয়ে মাছ ধরার সময় আটক তিন জেলেকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের রেখামারী গ্রামের বেল্লাল খান (৩২), একই ইউনিয়নের খেজুরিয়া গ্রামের ইস্রাফিল গাজী (৩৪) ও কয়রা উপজেলার তেঁতুলতলা গ্রামের আজিম গাজী (২৫)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, পাস পারমিট ছাড়া অবৈধ ভাবে বনের অভ্যন্তরে প্রবেশ করে নিষিদ্ধ বেহুন্দী জাল ও কিটনাশক দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করে বন বিভাগ।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের ঘাগরামারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি নিষিদ্ধ বেহুন্দী জাল, একটি নৌকা, এক বোতল বিষ ও কিছু পরিমাণ গাঁজা।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।





