Uncategorized
জেলার খবর
মাদারগঞ্জে গ্যাসবাহী পিকআপে ধাক্কা, কর্মচারীদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
Shakib Nahid
• 10 Jan 2026, 04:44 PM
• পঠিত 1 বার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল-মদিনা এন্টারপ্রাইজ নামের একটি এলপিজি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানের পিকআপ গাড়িতে ধাক্কা, কর্মচারীদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী সুমি আক্তার মুক্তি মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গুনারীতলা ইউনিয়নের জোরখালী বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে মিলনবাজারগামী পাকা সড়কের পাশে আল-মদিনা এন্টারপ্রাইজের একটি এলপিজি গ্যাসবাহী পিকআপ পার্কিং করা ছিল। সে সময় গাড়িতে চালক ওয়াকিল মিয়া, সেলস ম্যানেজার রহমতউল্লাহ ও হেল্পার শিপন মিয়া উপস্থিত ছিলেন।
এ সময় শাহিন মিয়া (৪০) নামের এক অটোচালক মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে অটো চালিয়ে ইচ্ছাকৃতভাবে পিকআপ গাড়িতে সজোরে ধাক্কা দেন। এতে গাড়িটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
প্রতিবাদ জানালে শাহিন মিয়া গালিগালাজ শুরু করেন এবং পরে স্থানীয় প্রভাব খাটিয়ে খাদেম মিয়া (৫৫), মমতাজ মিয়া (৪৫), শফিকুল ইসলাম (৫০) ও আলাল মিয়া (৫০)-কে ঘটনাস্থলে ডেকে আনেন।
অভিযোগ অনুযায়ী, এরপর অভিযুক্তরা একত্রে দেশীয় লাঠি ও শুঁটা দিয়ে গাড়িতে থাকা তিন কর্মচারীকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করেন। মারধরের একপর্যায়ে সেলস ম্যানেজার রহমতউল্লাহর কাছে থাকা টাকার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়, যাতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ছিল।
কর্মচারীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী সুমি আক্তার মুক্তি বলেন, এ ঘটনায় তার ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং কর্মচারীদের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





