Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
সারা দেশ

পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না

• • পঠিত 34 বার
শেয়ার করুন:
পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না
ছবি সংগৃহিত

জামালপুর প্রতিনিধি:

 

ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করার পর হঠাৎ উধাও হয়ে গেছেন সেই নারী। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে গত মঙ্গলবার থেকে অবস্থান করছিলেন আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী। শনিবার পর্যন্ত তাঁকে সেখানে দেখা গেলেও রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে আর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথায় গেছেন, কীভাবে সেখান থেকে চলে গেছেন, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তারা।

 

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তিনি শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন। এরপর থেকে তিনি দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

 

শূন্যরেখায় অবস্থানকালে খড়কুটার ওপর একটি কম্বল বিছিয়ে খোলা আকাশের নিচে দিন-রাত কাটছিল তাঁর। স্থানীয় কয়েকজন নারী তাঁকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। এভাবে পাঁচ দিন কাটানোর পর শনিবার পর্যন্ত তাঁকে সেখানে দেখা যায়। তবে রোববার সকালে গিয়ে আর তাঁকে পাওয়া যায়নি।

 

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করেছিলাম। পরে আজ সকাল ৭টার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই নারীকে আর দেখা যাচ্ছে না। মহিলাটি কে বা তাঁকে কোথা থেকে নিয়ে গেছে, এসব কেউ বলতে পারে না। পরে ইউএনও মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।’

 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘গতকাল ওই নারী যেখানে ছিলেন, আজ সেখানে তাঁকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন, আজ থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।’

 

এদিকে ওই নারী শূন্যরেখা থেকে কোথায় গেছেন, সে বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে গতকাল ও আজ একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।