জামালপুরের মেলান্দহ উপজেলার রুকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সেলিম বিদ্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা হামলাকারী রবিনকে গনধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। আহত প্রধান শিক্ষক বর্তমানে ইসলামপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রধান ফটকের কাছে পৌঁছালে ওতপেতে থাকা যুবক রবিন কয়েক সহযোগিকে নিয়ে ওই প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি দিয়ে রক্তাক্ত জখম করে। মুহুর্তেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ার একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসি ও শিক্ষার্থীরা হামলাকারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। হামলাকারী রবিন উপজেলার দূরমুঠ ইউনিয়নের দক্ষিন রুকনাই গ্রামের খোকা শেকের ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





