বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় অসহায় বিধবা নারী কুলসুমা বেগমের জীবনে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবান সেনা জোন।
দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে সন্তানদের নিয়ে ভগ্নপ্রায় একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন কুলসুমা বেগম। ঝড়-বৃষ্টি এলেই ঘর ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটতো তার। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি রাত ছিল তার জন্য ভয় আর অনিশ্চয়তায় ভরা।
এমন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় তিনি হয়ে পড়েন সম্পূর্ণ অসহায়। বিষয়টি নজরে আসলে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়।
জোন কমান্ডারের আন্তরিক তত্ত্বাবধান ও মানবিক নেতৃত্বে কুলসুমা বেগমের জন্য নতুন ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা তার জীবনে এনে দেয় নতুন আশার আলো এবং নিরাপদ বসবাসের সুযোগ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত কুলসুমা বেগম বলেন, “আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলবো না।”
স্থানীয়দের মতে, সেনা জোনের এই উদ্যোগ শুধু একটি পরিবারকেই নয়, সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।





