হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। রয়টার্স জানিয়েছে এ খবর।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজের আন্তর্জাতিক নৌ-চলাচলের পথ মাইনমুক্ত রয়েছে। সেখানে ইরানের হামলা ছাড়া জাহাজে আগুনের কোনো সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এরই মাঝে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানান, নিউইয়র্কে ইরানের উত্থাপিত সাতটি শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জন করতে পারবে না।
এছাড়াও ইরান যুদ্ধ বন্ধে আঞ্চলিক অংশীদারদের মধ্যস্ততায় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। একই সঙ্গে হরমুজ প্রণালিতে হামলা বন্ধ এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দোহা।
-রয়টার্স





