ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে জামালপুরের মেলান্দহ পৌরসভার বারইপাড়া নাটমন্দির পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নাটমন্দির পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি মিষ্টি বিতরণ করেন এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুল হক, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহসভাপতি এম. রহিম, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।





