চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঈদের কেনা-কাটার সময় পছন্দের জুতা কিনে না দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ এপ্রিল) চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী জামাল মেম্বার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী হলেন, জামাল মেম্বার বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে প্রমি আকতার (১৭)।
পুলিশ জানায়, প্রমি গত ১০ এপ্রিল মা-বাবার সঙ্গে শপিংয়ের গিয়েছিল। ওই সময় পছন্দমতো জুতা কিনতে পারেনি। এ নিয়ে মা-বাবার ওপর অভিমান ছিল প্রমির। পরে মঙ্গলবার (১১ এপ্রিল) তার মাকে নিয়ে বাবা রফিকুল ইসলাম ডাক্তারের কাছে যায়। কিন্তু প্রমি মনে করেছিল, তাকে রেখে মা-বাবা আবারও শপিংয়ে গেছেন ও তার পছন্দের জুতা কিনে দেবেন না। পরে মা-বাবা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





