অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় শিক্ষক আবু সাঈদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় দফায় ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘটেছে এ ঘটনা।
অভিযুক্ত আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর শহরের মতিঝিলসংলগ্ন পশ্চিম পাশে ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।
অভিযোগ অনুযায়ী, ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর মা ও প্রবাসীর স্ত্রীর সঙ্গে আবু সাঈদের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি ওই নারীর বিভিন্ন অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে সেসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেন। প্রথম দফায় ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা নেন তিনি।
গত শনিবার দ্বিতীয় দফায় আরও ৫১ হাজার টাকা নিতে গেলে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন আবু সাঈদকে ধরে ফেলেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম আবু সাঈদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।