জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়েছে। কারিগরি ত্রুটি মেরামত শেষে পুনরায় উৎপাদন শুরু হওয়ার মাত্র দুই দিনের মাথায় রবিবার (২৫ অক্টোবর) সকালে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আফাজ উদ্দিন বলেছেন, “গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ডিসেম্বর মাসে গ্যাস সরবরাহের কথা জানানো হয়েছে। ফলে, ডিসেম্বরের আগে উৎপাদন শুরুর সম্ভাবনা নেই।”
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সংকটের কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। এরপর ৬ অক্টোবর গভীর রাতে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়। তবে, যান্ত্রিক ত্রুটির কারণে ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে গত ২৩ অক্টোবর (শুক্রবার) সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু, দুই দিনের মাথায় গ্যাসের চাপ কমে যাওয়ায় রবিবার (২৫ অক্টোবর) সকালে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
যমুনা সার কারখানায় দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার। বিসিআইসির তালিকাভুক্ত প্রায় ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে এ কারখানার উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ দেশের ২১টি জেলায় সরবরাহ করা হয়।





