চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের সামনে নামাজ পড়তে মসজিদে ঢুকে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে কাঁদছেন এক চালক। রোববার (১৬ এপ্রিল) রাতে ওই মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইভান আলী জানান, রোববার এশার নামাজ পড়ার জন্য হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের সামনে অটোরিকশা রেখে ভেতরে প্রবেশ করি। পরে নামাজ শেষে দেখি আমার অটোরিকশাটি নেই।
তিনি আরও জানান, শহরের হরিমোহন স্কুলে অস্থায়ী অফিস সহায়কের কাজ করি। এতে যা বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। ১৮ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলাম। এখনও ঋণ পরিশোধ হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক জানান, রোববার রাতে এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার রাত থেকেই অটোরিকশাটি উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।





