নীলফামারীতে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপশাখায় টাকা না পেয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ জানুয়ারি) রাতে সদর উপজেলার সংগলশী কাজীরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে বিভিন্ন ধরনের নথি, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাসুদ রানা জানান, কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে তাকে আঘাত করে। এর মধ্যে দু’জন বেঁধে ফেলে তাকে। পরে লকারের চাবি চায়। তবে দিতে অস্বীকৃতি জানালে ফের তাকে মারধর করে। একপর্যায়ে চাবি দিলেও লকারে টাকা না পেয়ে অন্য জায়গায় খোঁজাখুঁজি করে তারা কোথাও টাকা না পেয়ে লকার ও কাউন্টারে আগুন দিয়ে পালিয়ে যায়।
ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মোনায়েম বলেন, রাত আড়াইটার দিকে ভবনের মালিক ফোন দিয়ে তাকে বলেন, তার সিকিউরিটি গার্ড রাস্তায় পড়ে আছে। ব্যাংকের ভেতরে আগুন জ্বলছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশের সহযোগিতা নিতে বলেন। পরে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।
তিনি আরো বলেন, ব্যাংকের উপশাখায় কোনো টাকা থাকে না। সকালে জেলা থেকে টাকা নিয়ে আসা হয়। ব্যাংকিং শেষে টাকা জমা দিয়ে আসা হয় সন্ধ্যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





