মাদারীপুরে খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে সিয়াম (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচরের পৌর এলাকার নন্দ কুমার ইনস্টিটিউশন বিদ্যালয় সংলগ্ন মাঠে এ হামলার ঘটনা ঘটে।
আহত সিয়াম নন্দ কুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র এবং শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তোফাজ্জেল রাড়ীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শিবচর থানা-পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে স্থানীয় দুই দল কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে নন্দ কুমার ইনস্টিটিউশন মাঠে খেলা শেষে কিশোরদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সিয়ামকে গলায় ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। এরপর তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, 'খেলা নিয়ে কিশোরদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক কিশোরের গলায় ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।'





