ডব্লিউডব্লিউইতে ‘ব্রনসন রিড’ নামে পরিচিত তারকা রেসলার জার্মেইন হ্যালি মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায় সংস্থাটি। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ব্রনসন রিড নামে পরিচিত জার্মেইন হ্যালি চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জার্মেইন ডব্লিউডব্লিউইতে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, নিবেদিতপ্রাণ পারিবারিক ব্যক্তি ও প্রিয় সহকর্মী।’
বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের কন্যাসন্তানসহ পুরো পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে চলতি মাসের শুরুর দিকে (৭ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে ওবা ফেমির সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ মুহূর্তে রিডের পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল এবং কিডনিতে গুরুতর আঘাত লেগেছিল। সে সময় ফেমি তাকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেছিলেন।
রেসলিং ক্যারিয়ারে রিড একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ২০২৪ সালে আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতেছিলেন। ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে তিনি টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) এবং নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে জনপ্রিয় ছিলেন।
শোকাবহ এই সময়ে হ্যালির পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। ব্রনসন রিড ১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ।
সূত্র: ইয়াহু স্পোর্টস





