কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার পর ব্রহ্মপুত্র সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই যশোর এমএম কলেজের ছাত্রশিবির কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর এমএম কলেজের ৪৫ থেকে ৫০ জন ছাত্রশিবির কর্মী নড়াইল এক্সপ্রেসের একটি বাসে করে সিলেটের জাফলংয়ে আনন্দ ভ্রমণে যান। ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে যশোরের উদ্দেশে যাত্রা করে বাসটি। রাত ২টার পর ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৯ যাত্রী আহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা তিনটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় চলে যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই ছাত্রশিবির কর্মী; তারা আনন্দ ভ্রমণ শেষে যশোরে ফিরছিলেন।





