জবি প্রতিনিধি
ডিন হিসেবে দায়িত্ব পালনের সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন রাজনৈতিক বয়ানে প্রচার করে হেয় করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। তিনি বলেছেন, খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক ও বিভ্রান্তিকর।
শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগ হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে; এটি কোনো নির্বাচন বা প্রশাসনের পছন্দ-অপছন্দের বিষয় নয়। দায়িত্ব গ্রহণের দিন উপাচার্য ও ট্রেজারারের শুভেচ্ছা গ্রহণ, নীতিনির্ধারণী সভা কিংবা জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ প্রাতিষ্ঠানিক দায়িত্বেরই অংশ। এসব অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিনের দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, ওই সময়ের ছবিগুলো তখনই প্রকাশ্যে শেয়ার করা হয়েছিল।
নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘ ১৭ বছর শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন। বরং রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁর স্ত্রী একাধিকবার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েও নিয়োগবঞ্চিত হয়েছেন বলে তিনি দাবি করেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে কয়েকজন সহকর্মীর সঙ্গে ঝুঁকি নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। এ কারণে তাঁর পরিবারও হুমকির মুখে পড়েছিল।
এ ছাড়া এক শিক্ষার্থীর আত্মহত্যার পর মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তাঁর উপস্থিতির ছবি আপত্তিকরভাবে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন মানেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতা নয়। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পেশাগত সৌজন্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানো অনুচিত।
মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত সম্মানহানি ও পরিবারকে বিব্রত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, “সত্যকে খণ্ডিত ছবি দিয়ে আড়াল করা যায় না।”





