জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ইসলাম শিক্ষা ও দর্শন বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এর ফলে জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের আন্তরিক সহযোগিতায় দুটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধিভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের নতুন পথ উন্মোচিত হবে।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, স্নাতকোত্তর পর্যায়ে নতুন দুটি বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি হওয়ায় জামালপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা উপকৃত হবেন। এটি এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হোসাইন মাহমুদ ফারুক বলেন, ইসলাম শিক্ষা বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ বাড়বে। এ উদ্যোগ বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা জান্নাত বলেন, দর্শন বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়া আমাদের বিভাগের জন্য একটি ইতিবাচক অর্জন। এর ফলে শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ বলেন, ইসলাম শিক্ষা ও দর্শন বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত সরকারি আশেক মাহমুদ কলেজের জন্য আনন্দের ও গৌরবের। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এদিকে, কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।





