চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লাটাহাম্বারের (শ্যালো ইঞ্জিনচালিত যান) ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে একটি অনুষ্ঠানে অংশ নিতে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল ফারিহা। পথে কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিভর্তি অবৈধ লাটাহাম্বার তাদের বহনকারী বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়।
এ সময় বাইসাইকেলচালক সম্রাটের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই লাটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লাটাহাম্বারটি জব্দ করে থানায় নওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।





