Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
আর্ন্তজাতিক

মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা

মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমনই এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ দেখা গেছে ভারতের মধ্যপ্রদেশে। মদ কিনতে আসা ব্যক্তিদের শারীরিক অবস্থা যাচাই করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


রাজ্যটির স্বাস্থ্য বিভাগ, আবগারি বিভাগ এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হলো নিয়মিত মদ্যপানকারীদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা এবং তাদের মদ্যপানের পরিমাণ কমাতে উৎসাহিত করা।
এই উদ্যোগের অংশ হিসেবে চিকিৎসক দলগুলো জেলার বিভিন্ন তহসিল পরিদর্শন করছে এবং মদের দোকানের বাইরে টেবিল বসিয়ে ক্রেতাদের পরীক্ষা করছে। স্বাস্থ্যকর্মীরা মদ কিনতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের মদ্যপানের অভ্যাস এবং আগের কোনো রোগের ইতিহাস আছে কি না সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি চিকিৎসকরা প্রাথমিক শারীরিক পরীক্ষা করছেন এবং শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য কিছু ব্যক্তির রক্তের নমুনাও সংগ্রহ করছেন।


মদের দোকানের বাইরে স্টেথোস্কোপ এবং স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম নিয়ে চিকিৎসকদের বসে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এর মাধ্যমে এমন মানুষদের কাছে পৌঁছানো সম্ভব হবে যারা সাধারণত চিকিৎসকের কাছে যেতে চান না।


তবে অন্যদের মতে, যারা মদ কিনতে আসছেন তারা এমন স্থানে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ গ্রহণে কতটা আগ্রহী হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


জেলাটিতে মদপানে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যেই শুরু হলো এই অভিযান। এর আগে গত সেপ্টেম্বরে জেলায় বিষাক্ত মদ পানে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা অবৈধ মদ বিক্রি ও আইন প্রয়োগের বিষয়টিকে সামনে নিয়ে আসে। ওই মৃত্যুর ঘটনাগুলোর ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের কারো কারো আগে থেকেই শারীরিক জটিলতা ছিল। এসব তথ্য পাওয়ার পর প্রশাসন নিয়মিত মদ্যপানকারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিতে নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়।


স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চিকিৎসক দলগুলো অতিরিক্ত মদ্যপানের ঝুঁকি সম্পর্কেও মানুষকে সচেতন করছে। কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ ও মাল্টিভিটামিন দিচ্ছেন এবং মদ্যপান কমানোর উপায় নিয়ে পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া খালি পেটে মদ্যপান না করা এবং আগে থেকে খোলা রয়েছে এমন বোতল থেকে মদ পান না করার জন্যও মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে।


অনুমোদনহীন মদের ঝুঁকি এড়াতে ক্রেতাদের শুধুমাত্র সরকারের লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ কেনার আহ্বান জানাচ্ছে এই দলগুলো। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার যৌথ দলটি সাগর শহর, দেওরি, রাহলি, বিনা এবং খুরাই এলাকায় ৯৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে।


সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।