বগুড়ার শেরপুরে সাপের কামড়ে সুমাইয়া খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া খাতুন ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। সে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ইফতারের আগে মাকে রান্নার কাজে সহযোগিতা করছিল সুমাইয়া। এ সময় জ্বালানিকাঠ আনার জন্য সে গোয়াল ঘরে যায়। সেখানেই তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





