Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

admin • 30 Aug 2023, 01:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ফরিদপুর বাস মালিক সমিতি রাজবাড়ীর বাস ফিরিয়ে দেওয়ার কারণে রাজবাড়ী-ফরিদপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে রাজবাড়ী-ফরিদপুর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

এদিকে, বাস চলাচল বন্ধ হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে ফরিদপুরসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন যাত্রীরা।

 

সরেজমিনে রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। এরপর অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত মাহিন্দ্রা, ইজিবাইকে করে বিভিন্ন স্থানে যাচ্ছেন। ছোট ছোট এই যানবাহনগুলোতে ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণের বেশি।

 

বাস চলাচল বন্ধের বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

তবে নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক নেতা জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীর বাস ফিরিয়ে দিয়েছেন সেখানের সংগঠনের নেতাকর্মীরা। মূলত রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে একটি বাসের সময় নির্ধারণ করে দেয় ফরিদপুর বাস মালিক সমিতি। রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে তারা দেড় ঘণ্টা সময় বেঁধে দেয়। এতে যাত্রীরা চরম বিরক্ত হয়। এই নিয়ে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

তিনি আরও বলেন, আজ সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেই সিদ্ধান্তের পর বাস চলাচল শুরু হবে।

 

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি জেনেছি। সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেই বিষয়টি আমরা অবশ্যই দেখব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।