রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সুমন আলী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী ও তার ছেলে ফাহিমকে (২৫) গুলি এবং ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে বাবা ও ছেলে দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহত সুমন আলীর গ্রামের বাড়ি বিক্রমপুর রাজাবাড়ী দিঘিরপাড় এলাকায়। তিনি পরিবার নিয়ে বসিলা ৪০ ফুট গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন। তার বাবার নাম হোসেন আলী।
আহত ফাহিম নিজেই জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
ফাহিম আরও অভিযোগ করেন, হামলাকারীরা ‘সাজ্জাদ গ্রুপ’-এর সদস্য। তাদের ছয়জনের মধ্যে মুন্না (২৬), রাব্বি (২৬) ও মনির হোসেন নামে কয়েকজনকে তারা শনাক্ত করতে পেরেছেন।
পূর্ব শত্রুতার বিষয়ে ফাহিম বলেন, গত মাসে ফরহাদ নামে আমার এক মামা খুন হন। ওই খুনের ঘটনায় আমার বাবা মিডিয়ার সামনে কথা বলেছিলেন। ধারণা করছি, সেই ক্ষোভ ও পূর্ব শত্রুতার জের ধরেই আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরে সংঘটিত এই ঘটনায় আহত দুজনেই বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।





