কুমিল্লায় মানব ও মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে জাল টাকা, ডলারসহ দেড় কোটি টাকা ও ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার লালমাই উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৭টি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১শ’ টাকা এবং পাঁচ হাজার ১শ’ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রা পাচার করে এ টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।





