Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
জাতীয়

পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
ছবি সংগৃহিত

জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মিলেছে।

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর আওতায় পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেয়া হয়েছে।

 

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এসব পদ সৃজন করা হয়েছে। পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে এ সংক্রান্ত ব্যয় নির্বাহ করা হবে। সেই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এ ক্ষেত্রে নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এর অন্তর্ভুক্ত। এই পদের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

 

এ ছাড়া গ্রেড-১৭ এর আওতায় ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে। এই পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এ ক্ষেত্রে নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। আর এই নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ৩ আগস্ট ৪ হাজার এসআই পদ সৃজনে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেয়া হয়েছে।

 

ইতোমধ্যে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যার আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

জানা গেছে, চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকেই শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।