কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কে চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় ইবি থানা-পুলিশ আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে রোববার সকালে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।





