মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন কৃষকরা। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দের তুলনায় কৃষকের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার পরও অনেক কৃষক সার পাননি। একপর্যায়ে দোকানের মজুত শেষ হয়ে গেলে বিষয়টি কৃষকদের জানানো হয়।
এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে উত্তেজনার একপর্যায়ে কয়েকজন কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।
এ ছাড়া কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।





