কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘রাজধানীর প্রতিটি থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।’
কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সক্ষম হবে।’
সভায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।





