চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ। দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিলেন যুবক। তার নাম মামুন হোসেন (৩০)।
যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
ঘটনাটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর। মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।
আজ রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘তিনি দুধ দিয়ে গোসল করছেন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন।’
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, ‘তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন, এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।’





