ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এতে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানায়, দেশে বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে ৫০ দশমিক ৯০ লাখ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি। চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে এই উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি।
সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ হয়ে থাকে, যা তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনা গেছে।
ব্যাপক ফলন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে আধুনিক সংরক্ষণ সুবিধায় দেশে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। ডিএই ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ রেখেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের বিপরীতে ৪ লাখ ৭৩ হাজার টন এবং ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
ডিএই’র মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।’
সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মাঝে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে এবং চলতি অর্থবছরে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করা এই যন্ত্রগুলোর প্রতিটির প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে কৃষকরা ইতোমধ্যে ৩ লাখ টন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করেছেন।
আধুনিক সংরক্ষণ প্রযুক্তি স্থাপনে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে—যার মধ্যে এয়ার-ফ্লো মেশিনের জন্য ১৯ হাজার টাকা, মাচা তৈরিতে ৭ হাজার টাকা এবং সাইনবোর্ডের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এবং ৩ হাজার ৯০০ জন কৃষক কারিগরি প্রশিক্ষণ পাচ্ছেন।
ডিএই কর্মকর্তাদের তথ্যমতে, কৃষকরা প্রতি বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করছেন। ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষক মো. নাসির মিয়া জানান, প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত, যেখানে এয়ার-ফ্লো মেশিনে তা মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে। রাজশাহীর গোদাগাড়ীর কৃষক মোহাম্মদ আমিন জানান, এপ্রিল মাসে ফসল তোলার পর প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বর-ডিসেম্বরে তা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। তবে ফরিদপুরের ভাঙ্গার কৃষক জাহাঙ্গীর মিয়া জানান, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ হচ্ছে—তাই কৃষকদের আর্থিক লাভ ধরে রাখতে সরকারের এখন পেঁয়াজ রপ্তানির দিকে মনোযোগ দেওয়া উচিত।
গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে গৃহীত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে। প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, প্রদর্শনী প্লট (পলিশেড) ও ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে বারি-৫ জাতের মতো স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন ও সম্প্রসারণ করা হচ্ছে এবং প্রকল্প চলাকালীন মোট ৩ হাজার ৩৭৫টি প্রদর্শনী স্থাপন করা হবে।





