রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পদ্মা নদী থেকে মাছটি ধরেন মানিকগঞ্জের জেলে ধোলাই হালদার।
তিনি বলেন, জালে বড় মাছ আটকা পড়েছে টান বুঝতে পেরে জাল তুলতেই বাঘাইড় মাছটি দেখতে পাই। মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাটের কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় বিক্রি করি।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, ‘মাছটি ধরা পড়ার খবর পেয়ে নদীতে গিয়ে নৌকা থেকে এটি কিনে আনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।





