Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ছেড়ে স্কুলে ফেরা ১৫ শিশু পেল উপহার

admin • 20 Aug 2025, 10:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ছেড়ে স্কুলে ফেরা ১৫ শিশু পেল উপহার

শিশুশ্রম ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এক ভিন্নধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জামালপুরে। বুধবার (২০ আগস্ট) দুপুরে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা এবং সঞ্চালনা করেন জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।

আয়োজনের মূল আকর্ষণ ছিলেন ঝুঁকিপূর্ণ শ্রম থেকে ফিরে বিদ্যালয়ে ভর্তি হওয়া ১৫ জন শিশু। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় এসব শিশু ও তাদের পরিবারকে আর্থিক অনুদান ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১৮ হাজার টাকা নগদ অর্থ, রোটারি ক্লাব অব জামালপুরের পক্ষ থেকে স্কুল ব্যাগ, বুলবুল জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্কুল ড্রেস ও এক হাজার টাকা নগদ সহায়তা, জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের পক্ষ থেকে এক বছরের জন্য খাতা, কলম ও জ্যামিতি বক্স। এছাড়া তিনটি গ্রাম উন্নয়ন কমিটি তিনজন শিশুর পূর্ণাঙ্গ শিক্ষাব্যয় বহনের অঙ্গীকার করে, বিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ শিশুকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারজন শিশুকে বাইসাইকেল উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন শিশুদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। শিশু ফোরামের পক্ষ থেকে অর্পা তাদের শুভেচ্ছা জানায়। এ সময় বাল্যবিয়ে থেকে মুক্ত হওয়া সীমা এবং শিশুশ্রম থেকে ফিরে আসা জসিম ও নাহিদ তাদের অভিজ্ঞতা শেয়ার করে।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, রোটারি ক্লাব অব জামালপুরের সভাপতি অধ্যাপক আব্দুল হাই আল হাদী, বুলবুল জেনারেল হাসপাতালের এমডি আশরাফুল আলম বুলবুল, ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টাইন পিউরিফিকেশন, জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা এবং জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের সদস্য ওমর ফারুক।

আলোচনা শেষে শিশু ও তাদের পরিবারের হাতে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে অতিথিরা জামালপুর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের ওপর ভিত্তি করে ফটো গ্যালারি পরিদর্শন করেন এবং বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণার ফলক উন্মোচন করেন ইউএনও জিন্নাত শহীদ পিংকী। এ সময় তিনি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিশু ও যুব ফোরাম সংগ্রহকৃত প্লাস্টিক সামগ্রী প্রক্রিয়াজাতকরণের জন্য বিক্রি করে। অর্জিত অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সমাজ থেকে বাল্যবিয়ে ও শিশুশ্রম নির্মূল করা সম্ভব।” তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।