Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
সারা দেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি
ছবি সংগৃহিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সিদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর প্লেটে টিকটিকির দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে হলের ডাইনিংয়ের খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

 

ঘটনার বিবরণে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেফিন তানভীর দুপুরে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খেতে যান। একপর্যায়ে প্রায় অর্ধেক প্লেট ভাত খাওয়ার পর তাঁর নজরে আসে, ভাতের মধ্যে একটি সিদ্ধ টিকটিকির দেহাবশেষ রয়েছে। বিষয়টি দেখে তিনি বিস্মিত হন এবং পরে ডাইনিং কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের মূল্য ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

 

ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। ছবিটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য রান্না ও খাবার পরিবেশনের ক্ষেত্রে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী হলের ডাইনিংয়ের খাবারের ওপর নির্ভরশীল। তাই খাবার প্রস্তুত থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে যথাযথ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি।

 

শিক্ষার্থীরা আরও বলেন, খাবারের মধ্যে এমন কিছু পাওয়া গেলে তা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান নিয়মিত পরিষ্কার রাখা, রান্নার পাত্র ঢেকে রাখা এবং খাবার পরিবেশনের আগে যথাযথভাবে পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তাঁরা।

 

এ বিষয়ে অগ্নিবীণা হলের ডাইনিং পরিচালক আল আমিন বলেন, ‘সিলিং থেকে টিকটিকিটি পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় সেটি ভাতের মধ্যে পড়ে যায়। কেউ খেয়াল করেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভাত ফেলে দিয়েছি। ওপর থেকে পড়েছে, আমাদেরও কিছু করার ছিল না।’

 

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনার পর ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

 

প্রভোস্ট আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে। যে গামলায় টিকটিকিটি পাওয়া গেছে, সেই গামলার অবশিষ্ট ভাতও আর পরিবেশন করা হয়নি। তবে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।