চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে ফল প্রকাশের নতুন তারিখের বিষয়টি জানা গেছে। সূত্রটির তথ্য অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর পর থেকেই ফল প্রকাশের নির্ধারিত তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশ নিয়ে এই অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেয়া সম্ভব হয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে ফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। তবে এবারের ফল প্রকাশের নির্দিষ্ট সময়, পদ্ধতি এবং শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।





