কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে আদালতে মামলা দুটি করেন।
মামলার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পেয়েছে দুদক।
অন্যদিকে, তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় মামলা করা হয়েছে।





