Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করল বিজিবি

admin • 24 Dec 2025, 08:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করল বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় থান কাপড় জব্দ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এর আগে দুপুরে উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে মোট ৪৭ বান্ডিল ভারতীয় থান কাপড়। এর পরিমাণ ৫ হাজার ১৩১ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রামের রৌমারী এলাকা থেকে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানে করে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রৌমারী-ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাঙ্গা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। পরে ওই কুরিয়ার সার্ভিসের গাড়িটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।